মিসাইল হামলা ছিলো ‘মার্কিনিদের গালে চড়’: খোমেনি

ইরাকে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলাকে ‘মার্কিনিদের গালে চড়’ দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। ১৯৭৮ সালের কোম বিক্ষোভ স্মরণে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার তিনি এ কথা বলেন।

বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এ ঘটনায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করে ইরান।

'আমেরিকা নিপাত যাক’ শ্লোগান মুখরিত জনতার সামনে দেয়া বক্তব্যে খোমেনি বলেন, এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতির দিন শেষ করে দেয়া।

ইরানকে শান্তিকামী দেশ হিসেবে আখ্যা দিয়ে খোমেনি বলেন, কেউ যদি ইরানের ক্ষতি করতে চায় তাহলে তার জবাব দেয়ার ক্ষমতা আমাদের রয়েছে। তিনি বলেন, কাসেম সোলেইমানির শহীদ হওয়ার ঘটনা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরানের বিপ্লব কতটা জীবন্ত।

গত শুক্রবার সকালে ইরান-ইরাক সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। এরপর থেকে আরো একবার যুদ্ধের দামাম বেজে ওঠে গোটা মধ্যপ্রাচ্যে। নিউ ইয়র্ক টাইমস।

ইত্তেফাক/আরএ