মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় তেলের মূল্যবৃদ্ধি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর থেকেই তেলের দাম দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এশিয়ার বাজারে তেলের দাম অন্তত ৪ দশমিক ৫ ভাগ বেড়েছে। বর্তমানে ব্যারেল প্রতি তেল ৬৫ দশমিক ৬৫ ডলারে বিক্রি হচ্ছে। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বুধবারের হামলার পর ইউরোপিয়ান এবং যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্কে তেলের দাম ৪ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন সংস্থা। এছাড়া বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়তে পারে ধারণা করা হচ্ছে। 

এদিকে আন্তর্জাতিক বাজারে শেয়ার সূচকের মারাত্মক দরপতন ঘটেছে। জাপানের বেঞ্চমার্ক নিকির শেয়ার সূচকের পতন ঘটেছে ২২৫ পয়েন্ট যা শতকরা ২ দশমিক ৫ ভাগেরও বেশি। 

আরও পড়ুন: মিসাইল হামলা ছিলো ‘মার্কিনিদের গালে চড়’: খোমেনি

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরাকের ভূখণ্ডে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণান্ত্রের হামলা চালায়। এতে অন্তত ৮০  জন মার্কিন সেনা নিহতের দাবি জানিয়েছে ইরান। হামলার পর থেকেই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়। 

ইত্তেফাক/এসইউ