জরুরি সেবা প্রদানে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে আবারো জরুরি চিকিৎসা সেবাদাতা সেমিনার (এমএফআরএস) আয়োজন করছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। চলতি বছরের ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চারদিন চলবে এ কর্মসূচি। ২০১৪ সাল থেকে দেশব্যাপী বাংলাদেশ পুলিশ থেকে ৬০০ জনের বেশি কর্মী এই জরুরি সেবাদাতা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে।
মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০ সালের প্রথম জরুরি চিকিৎসা সেবাদাতা সেমিনারে (এমএফআরএস) মহানগর পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, হাইওয়ে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগের ২৮ জন কর্মকর্তা এবং বাংলাদেশের বিভিন্ন পুলিশ একাডেমির প্রশিক্ষকরা অংশ নেন।
হাতেকলমে চলা এই প্রশিক্ষণ সেমিনারে প্রত্যেককে বাংলাদেশ থেকে সংগৃহীত উপকরণ সম্বলিত একটি জরুরি প্রাথমিক চিকিৎসার কিট প্রদান করা হয়। সেখানে জরুরি ও সঙ্কটের পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে তুলে ধরা হয়। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই সেমিনারটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ককেও প্রতিফলিত করে।
সেমিনারে এর আগের এমএফআরএস কোর্স সম্পন্ন করা মেহেদী হাসান ও সোহাগ মিয়া ‘প্রশিক্ষকের প্রশিক্ষণ’ উদ্যোগের অংশ হিসাবে সেমিনার পরিচালনায় সহায়তা করেন। এ উদ্যোগটির লক্ষ্য হচ্ছে নিজেদের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। ২০১৬ সালের এমএফআরএস-এ অংশগ্রহণকারী মেহেদী হাসান বাংলাদেশ পুলিশ একাডেমির মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির একজন প্রশিক্ষক। তিনি আগে আটটি সেমিনারে সহকারী প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। আর ২০১৯ সালের সেমিনারে অংশ নেওয়া সোহাগ ঢাকার পুলিশ সদর দফতরে প্রশিক্ষণ ও ক্রীড়া বিভাগে কর্মরত রয়েছেন।
২০১৪ সালে এমএফআরএস কর্মসূচি শুরু হওয়ার পর থেকে সারাদেশ থেকে ৬০০ জনের বেশি জরুরি সেবাদানকারী এতে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাস শুধু ২০১৯ সালেই বাংলাদেশের আটটি বিভাগের চারটিতে এ সেমিনার করেছে। এতে পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বর্ডার গার্ডস বাহিনীর ২০০ জনের বেশি সদস্যকে জরুরি সেবার প্রশিক্ষণ দেওয়া হয়।
ইত্তেফাক/আরএ