চলচ্চিত্র ও নাটকে সমান জনপ্রিয়তা নিয়েই এগিয়ে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশা। রাইসুল তমালের পরিচালনায় আসছে ভালোবাসা দিবসের জন্য নির্মিত রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান ‘আদা সমুদ্দুর’ নাটকে ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটির গল্প ও তার অভিনয় ভাবনার কথা জানাচ্ছেন লোপা চৌধুরী
নাট্যনির্মাতা, চলচ্চিত্র নির্মাতা ও সহশিল্পীদের কাছে এক নির্ভরতার প্রতীক তিশা। আর নির্ভরতার এই বিশ্বাস তিশা তৈরি করেছেন নিজেকে অভিনয়ে দক্ষ করে তুলে। যখন যে চরিত্রে অভিনয় করতে বলা হয়েছে, তিশা মন থেকে সেই চরিত্রের সঙ্গে মিশে নিজেকে সেই চরিত্রেই রূপান্তরিত করেছেন। দর্শকের মন জয় করার স্বপ্ন ছিল তিশার। আর তাই অভিনয়জীবনের শুরু থেকে ভালো ভালো কাজেই তিশার মনোযোগ ছিল সবচেয়ে বেশি। ভালো ভালো বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্মে অভিনয় এবং পরবর্তী সময়ে চলচ্চিত্রে অভিনয়—সবই ছিল যেন তিশার একটু ছকে বাঁধা চাওয়ার মতো। আর তাই তিশা যখন যেখানে কাজ করেছেন, তাতেই প্রশংসার মুখোমুখি হয়েছেন। সেই সঙ্গে নিজেকে শুধু অভিনয় দিয়েই এমন একটি অবস্থানে নিয়ে গেছেন, যেখানে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীরা তিশার অভিনয়কে অনুপ্রেরণা হিসেবে নিয়ে অভিনয়ের পথে এগিয়ে চলেন। সম্প্রতি তিনি অভিনয় করলেন আসছে ভালোবাসা দিবসের জন্য নির্মিত ‘আদা সমুদ্দুর’ নাটকে। এই নাটকে দর্শকরা তাকে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখতে পাবেন। দয়াল সাহার রচনা ও রাইসুল তমালের পরিচালনায় এই নাটকে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মুশফিক আর ফারহান, তাবাসসুম মিথিলা, নিকুল কুমার মন্ডল, দাউদ নূর, আনোয়ার হোসেন, শিখা মৌ প্রমুখ। নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে তিশা বলেন, ‘এই নাটকে আমার চরিত্রের নাম নওশিন জাহান হেনা। যিনি গেন্ডারিয়া এলাকার ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী। নির্বাচনে অংশ নেওয়ায় তাকে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। সব মিলিয়ে চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এ রকম ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।’ নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রাইসুল তমাল বলেন, ‘মূলত রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান ‘আদা সমুদ্দুর’। মানুষ মানুষে কিছু সম্পর্ক থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। কিছু সম্পর্কের কোনো নাম হয় না। অনেক সময় একজন নেত্রীর প্রেম, ভালোবাসা ও বিয়ের সময় হয়ে ওঠে না। তিনি রাজনীতিতে হন নিবেদিতপ্রাণ। এই নিবেদিতপ্রাণকে নিয়ে অনেকে স্বপ্ন দেখেন। অনেক সময় এই স্বপ্ন বাস্তবে রূপ লাভ করে, আবার অনেক সময় এই স্বপ্ন অধরা থেকে যায়।’ তিনি আরো বলেন, ‘আমাদের টিভি নাটকে বর্তমানে বাজেটের একটা আকাল চলছে বলা যায়। ভালো একটি নাটক করতে গেলে বাজেটের বিকল্প নেই। অনেক সময় ভালো একটি গল্প নষ্ট হয়ে যায় কম বাজেটের কারণে। সেই দিক থেকে ‘আদা সমুদ্দুর’ টিম ভাগ্যবান। নাটকটি বড়ো বাজেটের নাটক। কোনো কিছুর কমতি রাখা হয়নি নাটকটি নির্মাণ করতে গিয়ে। নাটকের জন্য সুন্দর একটি গানও তৈরি করা হচ্ছে। অনেক শ্রম দিয়ে কাজটা করেছি। আশা করছি, ভিন্ন ধারার এই নাটকটি সবার ভালো লাগবে।’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।