বছরের প্রথম দিনেই প্রকাশিত হলো সংগীতশিল্পী ও সেরা কণ্ঠ তারকা প্রদিপ্ত বাপ্পির ‘মাতাল’ শিরোনামের একটি মিউজিক ভিডিও।
গানটি লিখেছেন গীতিকবি তারেক আনন্দ এবং সুর, সংগীতায়োজন ও পরিচালনা করেছেন সজীব দাস। গানটির ভিডিও ডিরেকশনে ছিলেন আদিফ হাসান। মিউজিক ভিডিওতে মূল চরিত্র রয়েছেন মডেল আছিফুর রহমান ও আফছানা আফরোজ।
গানটি সম্পর্কে প্রদিপ্ত বাপ্পি বলেন, ‘সময়ের চাহিদাকে মাথায় রেখেই গানটির কথা, সুর, ও কম্পোজিশন করা হয়েছে। যখন গানটির মিউজিক ভিডিওর কাজ চলছিল, তখন সেখানে উপস্থিত কয়েক শত মানুষ। গানটি যখনি বাজানো হচ্ছিল, তখনই তারা এর সঙ্গে গাইছিল। আমি খুবই আশাবাদী, বিগত দিনে যেমন করে শ্রোতারা আমার অন্যান্য গান ভালোবাসা দিয়ে জনপ্রিয় করেছেন, তেমনি ‘মাতাল’ গানটিকেও ভালোবাসায় পূর্ণতা দিয়ে শ্রোতাসাধারণকে মুগ্ধ করবে।’ ‘মাতাল’ গানটি সম্প্রতি রেইন মিউজিকের প্রযোজনায় রেইন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।