সপ্তাহব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত

ব্যাপক সাংস্কৃতিক আয়োজন ও বর্ণাঢ্য পরিবেশনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বিজয় মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে পৌর মেয়র ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক নায়ার কবীরের সভাপতিত্বে মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। প্রতিদিনের সাংস্কৃতিক কর্মসূচিতে ছিল একক ও দলীয় আবৃত্তি, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের গান, একক ও সমবেত নৃত্য, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও বাউল গানের আসর। মেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ, সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনরাসহ বীর মুক্তিযোদ্ধারা প্রতিদিনের আলোচনায় অংশ নেন। জেলার শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনের মধ্যে মেলায় পরিবেশনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমি, সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন, জেলা শিশু একাডেমি, সাহিত্য একাডেমি, তিতাস আবৃত্তি সংগঠন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, তিতাস ললিতকলা একাডেমি, খেলাঘর, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্র, প্রবর্তক আবৃত্তি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া নাট্যগোষ্ঠী, আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র ,ঊষা নৃত্যালয়, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনার্স কলেজ নাট্যদল, বাউল তারা মিয়া ও তার দল। মুক্তিযুদ্ধের বিজয় মেলার আহ্বায়ক ছিলেন পৌর মেয়র নায়ার কবীর, কবি জয়দুল হোসেন ও প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। প্রতিদিনের বিজয় মেলার সাংস্কৃতিক পরিবেশনার সময় শতশত মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিজয় মেলা প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সাংস্কৃতিক জাগরণ জরুরি। আমাদের বিজয় মেলায় সাংস্কৃতিক পরিবেশনায় বিপুলসংখ্যক নতুন প্রজন্মের শিল্পী-সংগঠক যুক্ত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আমাদের বিজয় মেলাটি প্রাণ পেয়েছে।’