‘তৃতীয় একজন’-এর ২৫তম প্রদর্শনী চট্টগ্রামে

বন্দরনগরী চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে অনন্ত হিরার অভিনীত ও নির্দেশিত নাটক ‘তৃতীয় একজন’। নাট্যদল শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ২০তম প্রযোজনা ‘তৃতীয় একজন’ নাটকটির ২৫তম প্রদর্শনী হতে যাচ্ছে এটি।

নাটকটি রচনা করেছেন সমীর দাশ গুপ্ত ও প্রযোজনায় রয়েছে শব্দ নাট্যচর্চা কেন্দ্র। নাটকের প্রধান চরিত্র সামীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক আর তার স্ত্রী তুলি গৃহিণী। সামীরের ব্যস্ততা এবং তার স্ত্রীর নিঃসঙ্গ জীবনে তৃতীয় একজনের আগমন নিয়েই নাটকের গল্প। সেই তৃতীয় ব্যক্তির নাম বিবেক। বিবেক ও তুলি এক সময় একসঙ্গে নাচ শিখতো।  ঘটনাচক্রে সামীরের সঙ্গে তুলির আবার দেখা হয়। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতে থাকে। এক পর্যায়ে বিষয়টি সামীর জানতে পারে। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত-কলহ। নাটক এগিয়ে চলে পরিণতির দিকে।

নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা ও রওশন জান্নাত। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় আছেন আলি আহম্মেদ মুকুল। এছাড়া পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। প্রযোজনাটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন খোরশেদুল আলম।

অনন্ত হিরা বলেন, ‘ঋত্বিক আয়োজিত দেশ-বিদেশের নাট্যমেলায় আমার অভিনীত ও নির্দেশিত নাটক তৃতীয় একজন মঞ্চায়িত হচ্ছে আগামী ১১ জানুয়ারি। নাটকটি সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।’