চলতি বছরের জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে দেওয়া হতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ কমিটি। কমিটির দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইত্তেফাককে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
গত শনিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল নাহিয়ান খান জয়কে সভাপতি এবং লেখক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব অর্পণ করেন। সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব পাওয়ার পর লেখক ভট্টাচার্যকে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি দেওয়া বিষয়ে জানতে তাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ইত্তেফাককে এ তথ্য জানান।
আরও পড়ুন: গ্রেফতারকৃত মজনু সিরিয়াল রেপিস্ট ও ছিনতাইকারী: র্যাব
তিনি আরও জানান, আমরা প্রতিনিয়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে কমিটির বিষয়ে তার পরামর্শ নিচ্ছি। তবে কমিটি দেওয়ার বিষয়টি শোভন-রাব্বানীর পক্ষ থেকে দেওয়ার কথা থাকলেও তাদের আলোচিত কর্মকাণ্ডে জবির নতুন কমিটি আর প্রকাশ করা হয়নি। এছাড়া বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত থাকায় প্রকাশ পায়নি জবি ছাত্রলীগ কমিটি।
গেল বছরের ২০ জুলাই আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন করে যান সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক শোভন-রাব্বানী। কিন্তু সম্মেলনের প্রায় ৬ মাস কেটে গেলেও এখনও পর্যন্ত দেওয়া হয়নি জবি ছাত্রলীগ কমিটি। বিতর্কিত কর্মকাণ্ডে শোভন-রাব্বানীকে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পান জয়-লেখক।
ইত্তেফাক/এমএএম/এএএম