তিতাসে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাসে মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে এসব কর্মকাণ্ডে জীবনকে না জড়ানোর অঙ্গীকার করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় এ অঙ্গীকার করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন—তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান আনছার আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন প্রমুখ। প্রায় পাঁচ শতাধিক লোক লাল কার্ড প্রদর্শনে অংশগ্রহণ করেন।