পাঁচ দফা দাবিতে গৌরীপুরে কৃষক সমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে ভূতুরে বিদ্যুিবল বাতিলসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকরা। বুধবার উপজেলা কৃষক সমিতি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ হয়। সমাবেশ থেকে পিডিবির কৃষি সেচে বিদ্যুতের অতিরিক্ত বিল মওকুফ, পল্লী বিদ্যুতের আবাসিক সংযোগে ২ ঘোড়া মটারে কৃষি সেচে জরিমানা বন্ধ, ইউনিয়ন পর্যায়ে বাজারে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়, পাইকারি ও ও খুচরা পর্যায়ে সকল সারের দোকানে মূল্যতালিকা প্রদর্শন ও মনিটরিং ও কৃষকের ধান বিক্রিতে ঢলতা প্রথা বাতিলসহ ৫ দফা দাবি জানানো হয়।

উপজেলা কৃষক সমিতির সভাপতি লুত্ফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, জেলা খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক সুশান্ত দেবনাথ খোকন প্রমুখ। সমাবেশ শেষে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ রানা বলেন, কৃষকদের স্মারকলিপি হাতে পেয়েছি। যৌক্তিক দাবিগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।