কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
আবহমান বাংলার সংস্কৃতি ও অতীত ঐতিহ্যকে লালন করার অভিপ্রায়ে কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে চলছে ১০ দিনব্যাপী পৌষমেলা। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। মেলায় হরেক রকম পিঠা, বাঁশ-বেতের কুটির শিল্পজাত সামগ্রী, মাটির তৈরি নানাবিধ খেলনা ও জীবজন্তুর প্রতিকৃতিসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্যের অর্ধ শতাধিক স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।
মেলার পিঠার স্টলগুলোতে পাটিসাপটা, বানবাসি, নকশি পিঠা, মোয়া পিঠা, সিটকা পিঠা, হাক্কন পিঠা, নারিকেলভোগী, তিলেরভোগী, পদ্মদিঘি, সাগরদিঘি, ময়ূর পেখম ও ফুলিসহ বিভিন্ন পিঠা স্থান পায়।
এছাড়া চিত্তবিনোদনের জন্য প্রতিদিনই আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। দেশের খ্যাতিনামা শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।