আফ্রিকার সেরা সাদিও মানে

স্পোর্টস ডেস্ক

লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। পুরস্কারটি জেতার পথে তিনি হারিয়েছেন লিভারপুল সতীর্থ মোহামেদ সালাহ ও ম্যানচেস্টার সিটি উইঙ্গার রিয়াদ মাহরেজকে।

২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড গেল ২০১৮-১৯ মৌসুমে সব প্রতিযোগিতায় অল রেডদের হয়ে ৩০ গোল করেছিলেন। তার এমন নৈপুণ্যে দল ১৪ বছর পর জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। চলতি মৌসুমে এরই মধ্যেই ১৫ গোল করে ফেলেছেন তিনি। দলও ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটি থেকে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে আছে তালিকার শীর্ষে। গত মঙ্গলবার রাতে মিসরের হুরঘাদা শহরে বর্ণিল এক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন মানে। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এ পুরস্কারটা জিতে আমি সত্যিই খুব খুশি এবং গর্বিত। ফুটবল খেলাটাই আমার কাজ এবং এটা আমি ভালোবাসি। আমি আমার পরিবার, আমার জাতীয় দল এবং সেখানে সম্পৃক্ত সবাইকে, ফেডারেশনকে ও লিভারপুল ফুটবল ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমার জন্যে বড়ো এক দিন।’

হাজি দিউফের পর প্রথম লিভারপুল খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন মানে। এর আগের তিন বছরও আফ্রিকান বর্ষসেরার শীর্ষ তিনেই ছিলেন তিনি। তবে পুরস্কার বিতরণীতে মানে নিজে উপস্থিত থাকলেও সেরা তিনে থাকা অন্য দুই খেলোয়াড় সালাহ ও মাহরেজ উপস্থিত ছিলেন না। সেরার পুরস্কার জিততে ব্যর্থ হলেও আফ্রিকার বর্ষসেরা গোলের পুরস্কারটা ঠিকই জিতেছেন মাহরেজ। গেল বছর আফ্রিকান নেশন্স কাপের সেমিফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে তার করা ফ্রি কিক গোলটিকেই সেরার খেতাব দিয়েছে আফ্রিকান ফুটবল সংস্থা। সেরা উদীয়মানের পুরস্কার উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড ডিফেন্ডার আশরাফ হাকিমির হাতে।