স্পোর্টস ডেস্ক
মারিয়া শারাপোভাকে অস্ট্রেলিয়ান ওপেনের জন্যে ওয়াইল্ড কার্ড দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর ফলে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে সরাসরি খেলা নিশ্চিত হলো অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়নটির।
কাঁধের চোট ভুগিয়েই চলেছে রাশিয়ার এই তারকাকে। এ কারণে গত বছর মোটে ১৫টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। র্যাঙ্কিংয়েও নেমে গিয়েছিলেন ১৪৭ নম্বরে! ফলে ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া এই আসরে খেলতে হলে বাছাইপর্ব পেরিয়ে আসতে হতো তাকে। তবে ওয়াইল্ড কার্ড পাওয়ায় বাছাইপর্বের ঝক্কি আর পোহাতে হচ্ছে না তাকে। এর প্রতিক্রিয়ায় পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী বলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনের ড্রতে থাকতে পারা অবিশ্বাস্য। এখানে আমার অবিশ্বাস্য সব অভিজ্ঞতা আছে। শিরোপা জেতা থেকে শুরু করে কিছু কঠিন ফাইনাল হারা—অস্ট্রেলিয়ায় আমার অনেক উত্থান-পতনের গল্প জড়িয়ে আছে।’ এই ওয়াইল্ড কার্ডকে আরেকটা সুযোগ হিসেবেই দেখছেন তিনি, ‘এসব কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটা বিশেষ কিছু। তাই এটা আমার জন্যে আরেকটা সুযোগ।’