ডার্বি জিতে ফাইনালের পথে ম্যানসিটি

ফেরার আশা ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী ম্যানচেস্টার সিটি কারাবাও কাপের সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গিয়েছে। তবে প্রতিপক্ষের মাঠে জয় পাওয়ার পরও তৃপ্তির ঢেঁকুর তুলছেন না সিটি কোচ পেপ গার্দিওলা, জানালেন এখনো লড়াইটা শেষ হয়ে যায়নি। ইউনাইটেড কোচ ওলে গুনার সোলসারও জানালেন ফিরে আসার ক্ষমতাটা আছে তার দলের।

গত মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে ইউনাইটেড। বার্নার্দো সিলভার গোলটির পর ৩৩ মিনিটে সিটির ব্যবধান বাড়ান রিয়াদ মাহরেজ। এর পাঁচ মিনিট পর আন্দ্রেয়াস পেরেইরার আত্মঘাতী গোলে ম্যাচটা ইউনাইটেডের ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফেরার জোর প্রচেষ্টাই চালিয়েছিল সোলসারের শিষ্যরা, এগিয়ে এসেছিল বল দখলের লড়াইতেও। তবে এর ফল হিসেবে ৭০ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলটি ছাড়া আর কিছুই মেলেনি তাদের। ফলে নিজেদের মাঠে ৩-১ পরাজয়ই নিয়তি হয় রেড ডেভিলদের।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে এই ইউনাইটেডের কাছেই ২-১ ব্যবধানে হেরেছিল সিটি। কিন্তু ডিসেম্বরে নিজেদের মাঠে হারা ম্যাচটি থেকে বেশ ভিন্নই ছিল এ ম্যাচের দৃশ্যপট। শুরু থেকেই সিটি তীব্রতা আর বল দখলের দিক থেকে ইউনাইটেড থেকে এগিয়েই ছিল দলটি। কোচ পেপ গার্দিওলার ভাষ্য, ‘ইউনাইটেডের বিপক্ষে শেষ ম্যাচে আমরা বলের দখল হারালে নিয়ন্ত্রণ নিতে পারিনি। কিন্তু আজ রাতে সেটা পেরেছি আমরা। ইউনাইটেডে এসে জিততে পেরে আমরা খুশি।’

তবে স্প্যানিশ এই কোচ জানালেন এখনই লড়াইয়ের শেষ দেখছেন না তিনি। গার্দিওলার কথা, ‘এটা এখনই শেষ হয়ে যায়নি। আমাদের আরো একটা ম্যাচ বাকি এবং আমরা দেখব কি হয়। ইউনাইটেড অবশ্যই ফিরে আসতে পারে। গেলো বছরে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে হেরেও পরের পর্বে উঠে গিয়েছিল তারা। তারা এমন এক জার্সি গায়ে চাপায় যা তাদের ইতিহাস আর গর্বের প্রতিনিধিত্ব করে।’

গেলো মৌসুমে এই কারাবাও কাপেই চেলসিকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল সিটি। ইউনাইটেড কোচ জানালেন মঙ্গলবারের ম্যাচেও একই ছন্দে খেলেছে গার্দিওলার শিষ্যরা, ‘দ্বিতীয় গোলটার পর নিয়ন্ত্রণ হারিয়েছি আমরা। দ্বিতীয়ার্ধে প্রতিক্রিয়াটা ভালো ছিল কিন্তু প্রথমার্ধে গোলটা হজম করার আগ পর্যন্ত আমরা তাদের সঙ্গে পাল্লা দিয়েই লড়েছিলাম। পিছিয়ে পড়াটা ভালোভাবে সামলাতে পারিনি আমরা। আমরা তাদের পদ্ধতিটাকেও ভালোভাবে সামলাতে পারিনি, আমরা জানতাম এমনটা ঘটতে পারে। গেলো মৌসুমে চেলসিকেও একইভাবে ৫-০ ব্যবধানে হারিয়েছিল তারা।’

তবে সিটির মাঠে দুই গোলের ঘাটতি পুষিয়ে ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী সোলসার। নরওয়েজিয়ান কোচের ভাষ্য, ‘আমরা আগেও এটা করে দেখিয়েছি। পিএসজি ম্যাচটা এর নতুন উদাহরণ। আমরা বিশ্বাস করি যে তেমন একটা নৈপুণ্য দেখাতে পারব।’