ভেষজ

মটকিলা

লেখা ও ছবি

চয়ন বিকাশ ভদ্র

 

মটকিলা কাষ্ঠল, গুল্ম জাতীয় উদ্ভিদ। উচ্চতায় এক থেকে পাঁচ মিটার হয়। এর অন্যান্য নাম আশশেওড়া, কওয়াটুটি, মটমটি। বৈজ্ঞানিক নাম Glycosmis pentaphylla। Rutaceae পরিবারের উদ্ভিদ। ছবিটি  ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তালদিঘি এলাকার ঢাকা-হালুয়াঘাট সড়কের পাশ থেকে তোলা।

বাংলাদেশের সর্বত্র এদের দেখা মেলে। মটকিলার ফুল খুব ছোটো। ফুলের রং সবুজাভ সাদা। ফুল হালকা মিষ্টি গন্ধযুক্ত। ফল সবুজ রঙের, মটর দানার চেয়ে সামান্য বড়ো। এক ঝোকায় ২০ থেকে ৫০টি পর্যন্ত ফল থাকে। কাঁচা ফুলের রং সবুজ। পাকা ফলের রং গাঢ় গোলাপি, গোলাকার। ফল রসাল। বেশ মিষ্টি। সামান্য তেতোভাব আছে। পাখি ও শিশুদের প্রিয়। ছোটোবেলায় আমিও খেয়েছি। মটকিলা ফলের ভেতর দ্বিবীজপত্রী গোলাকার বীজ থাকে।

মটকিলা ৫-৭ বছর পর্যন্ত বাঁচে। পানি পেলে সারা বছর জন্মায়। সারা বছর ফুল-ফল দেয়। লিভারের সমস্যা, কাশি, জণ্ডিস, বাত, রক্তশূন্যতা ইত্যাদি রোগের চিকিত্সায় এ উদ্ভিদ ব্যবহার হয়ে থাকে। গ্রামের মানুষ এ গাছের ডাল দিয়ে দাঁত মাজে।