এ বছর আরো চারটি বোয়িং যুক্ত হচ্ছে রিজেন্ট বহরে

ইত্তেফাক রিপোর্ট

দেশের বেসরকারি এয়ারলাইন রিজেন্ট এয়ারওয়েজ ২০২০ সালে তাদের উড়োজাহাজ বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে। গত বছরের ১০ নভেম্বর পরিচালনার ১০ম বর্ষে পদার্পণ করেছে এয়ারলাইনটি। এ উপলক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি ২০২০ সালে রিজেন্ট আরো চারটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ডেলিভারি পাওয়ার আশা করছে। নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে এ জাতীয় আটটি উড়োজাহাজের একটি আধুনিক বহরের মাধ্যমে গন্তব্যগুলোতে উড্ডয়ন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে রিজেন্টের। রিজেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া এবং পরিচালক— বিক্রয় ও বিপণন সোহেল মজিদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ইমরান আসিফ বলেন, এ বছর আমাদের পরিচালনার ১০ বছর পূর্তি হতে যাচ্ছে। এ জন্য আমাদের সামনে একটি সুস্পষ্ট ভিশন রয়েছে— বরাবরের মতো নিরাপদ ও নির্ভরযোগ্য এবং সর্বাধিক পছন্দনীয় বাংলাদেশি এয়ারলাইন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে দেশের  ভেতর চট্টগ্রাম ও কক্সবাজার এবং দেশের বাইরে কলকাতা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট এবং দোহায় ফ্লাইট পরিচালনা করছে।