এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্তর বিরুদ্ধে মামলা

পৌনে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ

ইত্তেফাক রিপোর্ট

প্রায় পৌনে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন।

দুদক সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালীকে গ্রেফতার করা হয়। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। কমিশনের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর সমন্বয়ে গঠিত সাত সদস্যের একটি টিম এ অনুসন্ধান করছে। এরই ধারাবাহিকতায় কমিশন এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটড ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে অনুসন্ধান করে তথ্য-প্রমাণের ভিত্তিতে এ মামলাটি করেছে। ক্যাসিনো কাণ্ডের অভিযানের ধারাবাহিকতায় এ নিয়ে ২০টি মামলা করল দুর্নীতি দমন কমিশন (দুদক)।