নিম্নমানের পণ্য বাজারে প্রবেশের পথ বন্ধ করতে হবে —দুদক সচিব

ইত্তেফাক রিপোর্ট

পণ্যের মান নিয়ে আপস করার কোনো সুযোগ নেই। কোনো অবস্থাতেই নিম্নমানের পণ্য বাজারে প্রবেশের সুযোগ দেওয়া সমীচীন হবে না। এক্ষেত্রে বিএসটিআইয়ের ভূমিকা শতভাগ পরিশুদ্ধ হতে হবে। ঘুষ-দুর্নীতির মাধ্যমে নিম্নমানের পণ্যকে বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার পথ বন্ধ করতে হবে। এক্ষেত্রে দুদকও সক্রিয় থাকবে। এ জাতীয় দুর্নীতির ঘটনায় কাউকেই ছাড় দেওয়া সঠিক হবে না বলে হুঁশিয়ারি করেছেন দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। গতকাল বুধবার বিএসটিআই প্রধান কার্যালয়ে বিএসটিআই কর্মকতা-কর্মচারীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসাইন এই কর্মশালার সভাপতিত্ব করেন।

সচিব আরো বলেন, বিএসটিআই পণ্যের মান নিশ্চিতকরণে যেসব অভিযান পরিচালনা করে এগুলোকে কার্যকর করতে হলে বিএসটিআইকে নিজস্ব গোয়েন্দা তথ্য ব্যবহার করতে হবে। এছাড়া বিএসটিআই একটি টোল ফ্রি হটলাইন চালু করতে পারে। যাতে সাধারণ মানুষ পণ্যের মান নিয়ে অভিযোগ জানাতে পারেন।