বেড়ায় পেঁয়াজ রোপণে দিনমজুর শিক্ষার্থীরা!

বেড়া (পাবনা) সংবাদদাতা

পাবনার বেড়া উপজেলায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন পেঁয়াজের চারা রোপণে। এই রোপণ চলবে পুরো জানুয়ারি মাস। প্রচণ্ড শীতে শ্রমিকদের সঙ্গে কাজ করছে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্ররাও। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেড়া উপজেলার ছোন্দাহ বিলে পেঁয়াজের চারা রোপণ করতে দিনমজুর হিসেবে কাজ করছে বিভিন্ন স্কুল ও কলেজের  ছাত্ররা।

দিনমজুর হিসেবে পেঁয়াজের চারা রোপণ করতে আসা বেড়া উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আলিম বলেছে, ‘জেএসসি পরীক্ষা দিয়ে নবম শেণিতে উঠেছি। জানুয়ারি মাসে ক্লাসে ছাত্রছাত্রী কম হয়। তাই বাড়তি কিছু টাকা রোজগার করে সংসারে সচ্ছলতা আনার জন্য এ কাজ করছি।’ সাঁথিয়ার পুণ্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আজাদুল বলেছে, ‘আমি পিএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে পুণ্ডুরিয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছি। ক্লাসে কেউই ঠিকমতো যাচ্ছে না; তাছাড়া স্কুলের ড্রেস, জুতা, গাইড কিনতে হবে; তাই কয়েক দিন কাজ করেছি।’

বেড়া সরকারি কলেজের ছাত্র সিপন বলেছে, ‘গত বছর পেঁয়াজ রোপণের মৌসুমে ১০ হাজার টাকা রোজগার করেছিলাম আর এবারের মৌসুমেও ১২ থেকে ১৩ হাজার টাকা রোজগার করতে চাই।’ সিপন জানান, প্রতি বিঘা জমিতে এই পেঁয়াজের চাড়া রোপণ করতে ১৩ থেকে ১৪ জন দিনমজুর লাগে। আর এদের মধ্যে বর্তমানে বেশির ভাগই স্কুল-কলেজের ছাত্ররা কাজ করছে।

বেড়া উপজেলার বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হোসেন বলেন, ‘আমাদের গ্রামাঞ্চলের সব ছাত্রই কৃষক পরিবারের। তাই এই পেঁয়াজ লাগানোর মৌসুমে সব স্কুল-কলেজেই ছাত্রদের উপস্থিতি কম হয়। পুরো জানুয়ারি মাসেই ছাত্রদের উপস্থিতি কম থাকবে।’