দুই মিনিটের পথ যেতে দুই ঘণ্টা!

মির্জাপুরের গোড়াই আন্ডারপাস

এলাকায় দুঃসহ যানজট

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

দুই মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কম বেশি দুই ঘণ্টা! গত কয়েক মাস ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই-হাঁটুভাঙ্গা আন্ডারপাস এলাকায় যাত্রীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আন্ডারপাসের কাজ বন্ধ থাকায় মহাসড়কের বিভিন্ন অংশে ছোটো বড়ো গর্ত ও খানাখন্দক সৃষ্টি হয়ে যানবাহন আটকে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনের জন্য পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে গোড়াই হাইওয়ে ও মির্জাপুর থানা সূত্র জানিয়েছে।

পুলিশ, পরিবহন শ্রমিক এবং যাত্রীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৪ লেনের কাজ প্রায় শেষের দিকে। মহাসড়কের কয়েকটি এলাকায় আন্ডারপাস নির্মাণের কাজে ধীরগতি এবং গোড়াই-হাঁটুভাঙ্গা এলাকায় জমি অধিগ্রহণে জটিলতা দেখা দেওয়ায় আন্ডারপাস নির্মাণের কাজ বন্ধ থাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে এখানে যানজট আরো তীব্র আকার ধারণ করছে। দুই মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। একই অবস্থা কদিমধল্যা, জামুর্কি, নাটিয়াড়া, বাঐখোলা, করটিয়া, রামনা আন্ডারপাস ও এলেঙ্গা এলাকার।

যাত্রী আল আমীন মিয়া (৪৬), মো. বাবুল হোসেন সিকদার (৪৫) অনেকেই অভিযোগ করেন, মহাসড়কের কাজের নামে চলছে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতি। মহাসড়কের কালিয়াকৈর আন্ডারপাস, গোড়াই-হাঁটুভাঙ্গা আন্ডারপাস, কুরনী আন্ডারপাস, কদিমধল্যা আন্ডারপাস, জামুর্কি আন্ডারপাস, নাটিয়াপাড়া আন্ডারপাস, ভাতকুড়া আন্ডারপাস, বাঐখোলা আন্ডারপাস, করটিয়া আন্ডারপাসসহ অধিকাংশ আন্ডারপাসের কাজ মুখ থুবড়ে পড়ে আছে। এছাড়া মহাসড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণ, ঢালাই ও সয়েলিংয়ের কাজে পুকুরচুরির মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্মাণ কাজে চরম দুর্নীতির কারণে এ মহাসড়ক উদ্বোধনের আগেই বিভিন্ন অংশ দেবে গেছে এবং হয়েছে ছোটো বড়ো অসংখ্য গর্ত। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে এ মহাসড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান মনিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোড়াই আন্ডারপাস এলাকায় কাজ বন্ধ থাকায় যানজট এখন যাত্রীদের জন্য মহাদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যানজট নিরসনের জন্য। তবে আন্ডারপাস নির্মাণ হওয়া পর্যন্ত দুর্ভোগ লাঘবের তেমন সম্ভাবনা নেই বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন নির্মাণকারী প্রতিষ্ঠান (পিডি) মো. ইসহাক বলেন, জমি অধিগ্রহণ, ফ্লাইওভার নির্মাণ, আন্ডারপাস নির্মাণ, মাটি ভরাটসহ বিভিন্ন সমস্যার কারণে নির্ধারিত সময়ে মহাসড়কের কাজ শেষ করা যায়নি। সময় বাড়ানো হয়েছে।