প্রধানমন্ত্রী সংকট নিরসনের পথ দেখাননি :ফখরুল

বর্তমান সংসদের এক বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে আশা রাখতে বলেছেন, ভরসা রাখতে বলেছেন। সেই ভরসা মানুষ কোথা থেকে রাখবে? অর্থনীতি চরমভাবে নিচে নেমে গেছে। তিনি অর্থনীতির যে বর্ণনা দিয়েছেন, পরিস্থিতি              তার পুরো উলটো। ব্যাংকগুলো ভেঙে পড়েছে, মানুষ আস্থা রাখবে কোথায়? বর্তমান বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতি হচ্ছে প্রধান সংকট। এটা হচ্ছে পুরোপুরিভাবে রাজনৈতিক সংকট। একটি অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে বসে আছে। এমন একটি নির্বাচন হয়েছে, যেটা ৩০ তারিখে হয়নি, ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি হয়েছে। সেই হিসাবে জাতির প্রত্যাশা ছিল সংকট নিরসনের একটি পথ তার বক্তব্যে থাকবে। এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের কথা বা এমন কোনো ইঙ্গিত দেবেন বা কোনো একটা সংলাপের কথা বলবেন, কিন্তু কোনোটাই তিনি করেননি। সংকট নিরসনের জন্য তিনি কোনো পথ দেখাননি।

তিনি বলেন, অন্যদিকে যে বক্তব্যগুলো রেখেছেন তা সত্য নয়। যেমন তিনি বলেছেন, ’৭৫-এর পরের বছরগুলোতে মানুষ জরাজীর্ণ ছিল, মানুষের কঙ্কালদেহ ছিল’—এ কথাগুলো চরম উলটো। তার আগে ’৭২-৭৫ সালে এ দেশে একটি চরম দুর্ভিক্ষ হয়েছিল তত্কালীন আওয়ামী লীগ সরকারের আমলে, তাদের দুঃশাসনের কারণে।