বরগুনায় রিফাত হত্যা

অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত শিশু বা অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করছে আদালত। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.হাফিজুর রহমানের আদালতে অভিযোগের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ করবে আদালত। চার্জ গঠনে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। তিনি গতকাল বুধবার দায়রা ও          জজ আদালতে এই মামলায় প্রথম সাক্ষ্য দিয়েছেন। এদিকে সাক্ষীকে ভয় দেখানোর অভিযোগ এনে মিন্নির জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মোস্তফিজুর রহমান বাবুল বলেন, ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এ সময় ১৪ জন আসামিই আদালতে উপস্থিত ছিল। প্রিন্স মোল্লা জামিনে থাকলেও সে আদালতে উপস্থিত ছিল। চার্জভুক্ত শিশু বা অপ্রাপ্তবয়স্ক আসামিরা হচ্ছে: রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ ওরফে রায়হান, ওলিউল্লাহ ওরফে অলি, জয় চন্দ্র সরকার ওরফে চন্দন, মো. নাইম, তানভীর হোসেন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাতুল শিকদার জয় ও আরিয়ান হোসেন শ্রাবণ।

প্রাপ্তবয়স্ক আসামিরা হচ্ছেন:রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান হূদয় ওরফে টিকটক হূদয়, মো. হাসান, মো. মুসা, আয়শা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল হাসান সায়মুন। অপরদিকে জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ৮ জানুয়ারি প্রথমদিনে মামলার বাদী নিহত রিফাত শরীফের বাবা আবুল হালিম দুলাল শরীফ সাক্ষ্য দিয়েছেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। ১০ জনের মধ্যে ৯ জন আসামি আদালতে উপস্থিত ছিল মূসা পলাতক রয়েছে। এদিকে মামলার সাক্ষী জাকারিয়া বাবু ও হারুনকে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মিন্নির জামিন আবেদন বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। এপিপি সঞ্জীব দাস বলেন, ৪ জানুয়ারি মিন্নিসহ পাঁচ জন মিলে সাক্ষী জাকারিয়া বাবু ও হারুনের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে সাক্ষ্য না দেওয়ার জন্য বলে এসেছে।

গত ২ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং শিশু ১৪ জন। এই মামলায় মোট ৭৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবে। উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং ঐদিনই রিফাত মারা যান।