রাঙ্গামাটিতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে বাসিমং মারমা (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার দুপুরে রাইখালী ও বাঙ্গালহালিয়ার সীমান্তবর্তী গবাছড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর পরই এলাকাবাসী বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে ঘটনা জানালে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসিমং মারমার লাশ উদ্ধার করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন। জানা গেছে, বাঙ্গালহালিয়া বাজার থেকে গবাছড়া পাড়া প্রধান বা কারবারি সুইএচিং মারমাকে নিয়ে ব্যবসায়ী বাসিমং মারমা মোটরসাইকেলযোগে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাইখালী ও বাঙ্গালহালিয়া সীমানা নাইক্যছড়া দেবতা ছড়া এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে একদল সন্ত্রাসী গুলি ছুড়তে থাকে। গুলি মোটরসাইকেলচালক বাসিমং মারমার গায়ে লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত বাসিমং মারমা গবাছড়া পাড়ার ক্যাসিংপ্রু মারমার ছেলে। বাঙ্গালহালিয়া বাজার স্কুল মার্কেটে তার একটি চায়ের দোকান রয়েছে। দোকানটি মূলত বাসিমংয়ের স্ত্রী চালান এবং সংসারের অভাব-অনটনের কারণে তিনি মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে সংসারে সহযোগিতা করতেন।

হামলায় বেঁচে যাওয়া গবাছড়া পাড়া কারবারি সুইএচিং মারমা বলেন, পাড়ার প্রধান হিসেবে পাড়াবাসীর অনুরোধে সেখানে নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভায় যোগ দিতে বাসিমং মারমাকে নিয়ে সেখানে যাচ্ছিলেন তিনি। পথে জেএসএস এর অস্ত্রধারী ৮-১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পাহাড়ের ওপর থেকে গুলি ছুড়লে প্রথমেই দুই-তিনটি গুলি চালক বাসিমংয়ের গায়ে লাগে। এতে মোটরসাইকেলসহ তারা মাটিতে পড়ে যান। এ সময় তাকে লক্ষ্য করে ২০-৩০টি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তিনি জীবন বাঁচাতে পাহাড়ের এক পাশে লুকিয়ে সেনাবাহিনীকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। কারবারি আরো বলেন, জে এস এস এর লোকজন আগে থেকেই আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে। তাই প্রাণের ভয়ে গত জুন মাস থেকে বাঙ্গিলহালিয়া বাজার এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছি।