ইরান থমকে রয়েছে, শান্তি ফেরাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরান-আমেরিকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে কূটনৈতিক মহলে। মধ্য প্রাচ্যের একাধিক দেশও তা নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় কোনো মার্কিন সেনা ও কোন মার্কিন নাগরিকের ক্ষতি হয়নি। সেই সঙ্গে মধ্য এশিয়ায় উত্তেজনা কমাতে ইরান নেতৃত্বের প্রতি শান্তির বার্তাও দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজ থেকে দেওয়া বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের সমস্ত সেনা জওয়ান সুরক্ষিত এবং সবচেয়ে কম ক্ষতিই হয়েছে আমাদের সেনা ঘাঁটিতে।’ 

ইরাকের যে অঞ্চলে মার্কিন এবং যৌথ বাহিনীর সেনাঘাঁটি রয়েছে তারমধ্যে দুটি ঘাঁটি লক্ষ্য করে প্রায় একডজন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এটিকে তারা ‘আমেরিকার গালে থাপ্পড়’ বলে মন্তব্য করেছে।

এদিকে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে দাবি করা হয়, ‘অন্তত ৮০ জন জঙ্গি মার্কিন সেনা এই হানায় নিহত হয়েছে। আইএস এর বিরুদ্ধে যৌথ বাহিনীর লড়াইয়ে ইরাকে রয়েছে অন্তত ৫,০০০ মার্কিন সেনা। 

জেনারেল কাসেম সুলেমানিকে নিষ্ঠুর জঙ্গি বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গতরাতে ইরানের হামলায় কোনও মার্কিন নাগরিকের ক্ষতি হয়নি।’

ইত্তেফাক/বিএএফ