উত্তর সিটির আওয়ামী লীগের বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ

ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে কাউন্সিলর পদে যাদের দল সমর্থন দিয়েছে, এর বাইরে সবাইকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় নির্দেশনায় বলা হয়েছে, ‘আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এ বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বোর্ডের সমর্থনের বাইরে যে সব দলীয় কাউন্সিলর প্রার্থী নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করেননি, দলের শৃঙ্খলা রক্ষায় অনতিবিলম্বে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।’

আগামী ৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও কাউন্সিলর পদে নির্বাচন হবে নির্দলীয়। তবে আওয়ামী লীগ-বিএনপিসহ বড়ো দলগুলো তাদের সমর্থিত প্রার্থী ঘোষণা করেছে। যদিও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঢাকার দুই সিটিতে ১১৫ ওয়ার্ডেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।