নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকালে জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষক সিয়াম পলাতক রয়েছে। ঘটনার পর ঐ ছাত্রীর বাবা-মা গ্রাম্য সালিশকারীদের কাছে অভিযোগ দেয়। তারা থানায় মামলা করতে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐ ছাত্রীকে মঙ্গলবার বিকালে সিয়াম ডেকে জঙ্গলে নিয়ে যায়। একপর্যায়ে ঐ ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণকারী সিয়াম ঐ ছাত্রীকে কাউকে কিছু না বলতে হুমকি দেয়। পরে ঐ ছাত্রী বিষয়টি তার বাবা-মাকে খুলে বললে তার বাবা-মা গ্রাম্য সালিশকারী নুরুল ইসলাম ও খবরউদ্দিনের কাছে বিচার দাবি করে। খবরউদ্দিন ও নুরুল ইসলাম ঐ মেয়েকে বিয়ে দেওয়ার সময় যাবতীয় খরচ বহন করার প্রলোভন দেখায়।
ধর্ষণের শিকার ঐ ছাত্রীর মা অভিযোগ করে বলেন, সিয়াম তার নানার বাড়িতে বসবাস করে। তার মেয়ে বর্তমানে অসুস্থ। গ্রাম্য সালিশকারী নুরুল ইসলাম ও খবরউদ্দিনের কাছে বিচার দাবি করলে বিয়ের সময় খরচ বহন করার কথা বলে থানায় যেতে বাধা দেয়।
সালিশকারী নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনায় বিচার নিয়ে আমার কাছে এসেছিল। আমি তাদের সঠিক বিচার পাইয়ে দেওয়ার কথা বলেছি। তবে থানায় যেতে বাধা দেওয়ার বিষয়টি সত্য নয়।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনাটি আমার জানা নেই। কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।