যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার ভোররাতে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো সেনা মারা যায়নি। সব সেনা নিরাপদে আছেন। আর ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য। মার্কিন প্রেসিডেন্ট গতকাল হোয়াইট হাউজে সংক্ষিপ্ত বিবৃতিতে এসব কথা বলেন। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন। খবর বিবিসি, আল-জাজিরা ও সিএনএনের
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিমানঘাঁটিতে হামলার পর মনে হয়েছে যে, ইরান তাদের আগের অবস্থান থেকে পিছু হটেছে। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দিলে ও সন্ত্রাস সমর্থনের পথ ত্যাগ করলে শান্তি স্থাপনে তিনি প্রস্তুত। তবে ঘাঁটিতে হামলার কারণে ইরানের ওপর শিগিগরই আরো অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া অন্য আরো বিকল্প পর্যালোচনা করা হচ্ছে। ইরানের আচরণে যতক্ষণ না পরিবর্তন হবে ততদিন পর্যন্ত অবরোধ বহাল থাকবে।
প্রায় ১০ মিনিটের বক্তব্যে ট্রাম্প বলেন, আমি ক্ষমতায় থাকতে ইরান কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না। তিনি ইরানের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বকে আরো নিরাপদ করতে ইরানের সঙ্গে আরেকটি চুক্তি করতে আমাদের সবার কাজ করা জরুরি। তিনি নিহত ইরানের জেনারেল কাসেম সোলেইমানির সমালোচনা করে বলেন, সে ছিল বিশ্বের শীর্ষ সন্ত্রাসী। সে যুক্তরাষ্ট্রের বিভিন্ন টার্গেটে হামলার জন্য নতুন করে পরিকল্পনা করছিল; কিন্তু আমরা তাকে থামিয়ে দিয়েছি।
ট্রাম্প বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের তেলের দরকার নেই। জ্বালানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন স্বনির্ভর। আমরা তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বের এক নম্বরে। পরিশেষে ইরানের জনগণ এবং নেতাদের বলতে চাই, আমরা আপনাদের একটি ভালো সমৃদ্ধ ভবিষ্যত্ চাই যার দাবিদার আপনারা। যারা শান্তি চায় যুক্তরাষ্ট্র তাদের আলিঙ্গন করতে প্রস্তুত। তিনি আরো বলেন, আমাদের সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম আছে। তবে সেগুলো যে ব্যবহার করতে হবে তা নয়।
সিএনএনের বিশ্লেষক প্যাটন ওয়ালশ বলেছেন, ট্রাম্পের বক্তব্যের পর মনে হচ্ছে আর কোনো পালটা সামরিক জবাব দেওয়া হবে না। আপতদৃষ্টিতে সামরিক উত্তেজনার শেষ হয়েছে। সামান্য ক্ষয়ক্ষতির বিপরীতে তিনি আরো অবরোধ আরোপের কথা বলেছেন। তবে এই নতুন অবরোধ সম্পর্কে কিছু বলেননি ট্রাম্প। ইরানের ওপর চাপ সৃষ্টিতে তিনি ইউরোপ ও ন্যাটোকে পাশে থাকতে বলেছেন। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের নতুন হাইপারসোনিক অস্ত্র মোতায়েন করা হবে।