ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জেরে গতকাল ফের বেড়েছে জ্বালানি তেলের দাম। বিবিসির সংবাদ অনুযায়ী, গতকাল ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬৯ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি হত্যার প্রভাবে একলাফে ৪ শতাংশ বেড়ে যায় তেলের দাম। এই হত্যার প্রতিশোধে গতকাল ইরাকের মার্কিন স্থাপনায় হামলা চালায় ইরান। গতকাল এশিয়ার বাজারে স্বর্ণের দাম এবং ইয়েনের দর ঊর্ধ্বমুখী হয়েছে। তবে জাপানের শেয়ারবাজারে প্রধান সূচক কমে গেছে ১ দশমিক ৩ শতাংশ। হংকংয়ে শূন্য দশমিক ৮ শতাংশ সূচক কমেছে।
মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলে তেলের দর আরো বাড়বে। বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, ইরান, কাতার এই পথে তেল রপ্তানি করে। চলমান অস্থিরতায় মধ্যপ্রাচ্যে মার্কিন মালিকানাধীন কোম্পানিগুলোর তেল উত্তোলন কমে যেতে পারে, ফলে আরো দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।