ইরানে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ১৭০ জনের বেশি আরোহী নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করছি। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য, গতকাল বুধবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডীয়, ক্রুসহ ১১ জন ইউক্রেনীয়, ১০ জন সুইডিশ, চারজন আফগান, তিনজন ব্রিটিশ ও তিনজন জার্মান নাগরিক ছিলেন।