দীপিকার উপস্থিতি নিয়ে জেএনইউ উপাচার্যের বক্তব্যে বিতর্ক

জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) চত্বরে হওয়া হামলার বিষয়ে যথেষ্ট পদক্ষেপ না নেয়ার অভিযোগে বিতর্কিত অবস্থানে থাকা উপাচার্য এম জগদীশ কুমার দীপিকা পাড়ুকনের বিরুদ্ধে মন্তব্য করে সৃষ্টি করেছেন নতুন বিতর্ক। বুধবার সংবাদ সংস্থা ইনিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে জানান, আন্দোলনকারীদের পাশে অনেকে এসে দাঁড়ালেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তারা কেউ দেখা করেননি।

তিনি বললেন, ‘প্রতিবাদীদের সমর্থন করতে আসা সমস্ত মহান মানুষদের আমি জিজ্ঞেস করতে চাই, হাজার হাজার শিক্ষার্থী ও অধ্যাপকদের কী হবে যাঁরা নিজেদের গবেষণা ও শিক্ষকতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন? আপনার কেন তাঁদের পাশে দাঁড়াচ্ছেন না?’

জেএনইউয়ে যাওয়ার পরের দিন‌ দীপিকা ভারতের গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে বলেন, ‘আমরা নিজেদের প্রকাশ করতে ভয় না পাওয়ায় আমি গর্ব অনুভব করছি। এটা ভাল ব্যাপার যে, আমরা দেশ ও তার ভবিষ্যৎ নিয়ে ভাবছি।’

গত রবিবার সন্ধ্যায় মুখোশধারী দুষ্কৃতীরা হামলা চালায় জেএনইউ চত্বরে। প্রায় তিন ঘণ্টা চালানো তাদের তাণ্ডবে আহত হন ৩০ জনের বেশি শিক্ষার্থী ও অধ্যাপক। এই ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বহু তারকা। দীপিকা ছাড়াও বলিউডের অন্য অনেকেই তাঁদের সমর্থন জানিয়েছেন আহতদের প্রতি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তিদের পাশাপাশি নিষ্ক্রিয় অবস্থানে থাকার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের ওপর। বিশ্ববিদ্যালয় গেটের বাহিরে পুলিশ হামলার সময় অবস্থান করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়। এনডিটিভি।

ইত্তেফাক/আরএ