সৌদিতে হারিয়ে গিয়েছিলো মেসি-সুয়ারেসরা

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের মোকাবেলা করার আগে মেসি-সুয়ারেসদের বহনকারী বাস হারিয়ে গিয়েছিলো। বুধবার রাতে জেদ্দার আল-ইত্তেহাদ স্টেডিয়ামে অনুশীলনে যাওয়া সময় বাসটি হারিয়ে যায়। এ সময় বাসের মধ্যে বার্সেলোনা ক্লাবের সব ফুটবলাররাই ছিলেন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের মোকাবিলা করবে বার্সেলোনা। এই ম্যাচকে সামনে রেখে জেদ্দার আল-ইত্তেহাদ ক্লাবের স্টেডিয়ামে বুধবার (৮ জানুয়ারি) অনুশীলন করার উদ্দেশ্যে বের হন মেসি-সুয়ারেসরা। কিন্তু বাসের ড্রাইভার ভুলবশত বাস নিয়ে কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে পৌঁছান। দুই ভেন্যুর মাঝে দূরত্ব ৩০ কিলোমিটারের বেশি। তাছাড়া জেদ্দার রাস্তা তখন ট্রাফিক জ্যামে স্থবির ছিল। ফলে তাদের নির্ধারিত স্টেডিয়ামে পৌঁছাতে ৪৫ মিনিট বাড়তি সময় লেগে যায়।

স্প্যানিশ সুপার কাপ নিয়ে হতাশা তৈরি হওয়ায় গতবার ফরম্যাটই বদলে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দুই দল থেকে বাড়িয়ে তাই চার দলের টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। সময়ও বদলে আগস্ট থেকে জানুয়ারিতে এগিয়ে আনা হয়েছে। আর পুরো আসর স্পেনের বাইরে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এসআই