ঘুণপোকার আস্তাবল থেকে কুড়িয়ে পাওয়া পেনসিল। তেল ছিটছিটে বালিশে হেলান দিয়ে বসে আছে একদল লাল পিঁপড়ে। অন্যদল পেনসিলের আড়ালে গড়ে বসতি। ঘরের কোণে মাকড়সার জালে ঝুলে থাকে নির্ঘুম রাত। হাতে নিয়ে ঘুরে ফিরে দেখি দোলনায় বসে আছে শৈশব। মুহূর্তে সম্মুখে উড়ে যুবতী প্রজাপাতি। পেনসিলের গায়ে ক্ষীণ আঁচড়ে লেগে আছে জমানো খুনসুটি। পুরোনো ধূলিগন্ধে ভরপুর। গুলতি, মার্বেল আরো আছে বয়স্ক সাইকেলের শীর্ণ চাকা। টিনের ফুটো দিয়ে দিনের আলো অন্ধকারে বাবার সঙ্গী হয়ে ঘুমিয়ে আছে। পরিত্যক্ত খাটের নিচে বাবার নীল রংয়ের স্যান্ডেল। সস্তায় কেনা কিশোরীর জামার বোতাম। ট্রাঙ্কে ন্যাপথলিনের গন্ধমাখা লাল সবুজের সুতোয় প্রেমের রুমাল। মাটির দেয়াল ঘেঁষে উইপোকার দখলে প্রিয় কিছু বই। গল্পের লাইনগুলো ছিল সহজ ও স্পষ্ট জীবনের মতো। সেই সোনালি জীবন, জানালার লোহার শিকে জমে থাকা মরিচার ন্যায় স্বপ্নগুলো ঝরে পড়ে।