অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

২২০ সিনেমার উত্সব

আর মাত্র একদিন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ২০২০’। এবারের শ্লোগান—‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদ জানিয়েছে, এবারের উত্সবে অংশ নিচ্ছে ৭৪টি দেশ। ৯ দিনের এই আয়োজনে দেখানো হবে ২২০টি সিনেমা।

উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘গত ১৮ বছরের মতো এবারো সুন্দর একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা আবারো সফল হবে বলে আশা রাখছি।’

এবারের উত্সবের পর্দা নামবে ১৯ জানুযারি। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উত্সবে থাকছে মোট ৮টি বিভাগ। এগুলো হলো—এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ডেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম বিভাগ। বাংলাদেশ প্যানারোমা বিভাগে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’, নাসিরউদ্দীন ইউসুফের ‘আলফা’, আশরাফ শিশিরের ‘আমরা একটা সিনেমা বানাবো, তানিম রহমান অংশুর ‘ন ডরাই’সহ ১১টি সিনেমা থাকছে।

উত্সব চলাকালে ৭৪টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উত্সবে অংশ নিয়ে দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

উত্সবের অংশ হিসেবে ১২ ও ১৩ জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। ঢাকা ক্লাবের দ্বিতীয় তলায় এই কনফারেন্সটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এছাড়া উত্সবের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি দিনব্যাপী আয়োজন করা হবে দেশীয় চলচ্চিত্রের সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের ভাবনার মিথস্ক্রিয়ামূলক অনুষ্ঠান ‘ওয়েস্ট মিটস ইস্ট’।