লাস ভেগাসে চলছে বিশ্বের অন্যতম বড়ো প্রযুক্তি প্রদর্শনী। সিইএস শেষ হতে আর এক দিন বাকি আছে। এরই মধ্যে দেখা মিলেছে নিত্য নতুন সব প্রযুক্তি পণ্যের। কোন্ কোন্ পণ্য এবার আলোচনায় এসেছে তা নিয়েই থাকছে বিস্তারিত।
আর্টিফিশিয়াল হিউম্যান
স্যামসাংয়ের বিনিয়োগে নিওন নামের একটি কোম্পানি তৈরি করেছে আর্টিফিশিয়াল হিউম্যান। এটি আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উন্নত সংস্করণ। নিওনের সিইও জানিয়েছেন, এরা মানুষের জায়গা নেবে না বরং বন্ধুর মতো সঙ্গ দেবে। পছন্দ অপছন্দ সবকিছুই মনে রাখতে পারবে এরা। আর্টিফিশিয়াল হিউম্যানের সঙ্গে যোগাযোগে ব্যবহার করতে হবে স্মার্টফোন বা স্মার্টডিসপ্লে। কাস্টমার সেবা দিতে বড়ো বড়ো স্টোরে এটি ব্যবহার করা হতে পারে। চলতি বছরের শেষেই প্রযুক্তিটি বাজারে আসবে।
ওয়াটারপ্রুফ ইন্সটা ক্যামেরা
ওয়াটারপ্রুফ ইন্সটা ৩৬০ ডিগ্রি ওয়ান আর টুইন সংস্করণ নেভাডার লাস ভেগাসের ২০২০ কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) এ জানুয়ারি,৭০ এ প্রদর্শিত হচ্ছে। মডিউলার অ্যাকশন ক্যামেরায় দুটি লেন্স রয়েছে এবং লেন্স, ব্যাটারি এবং ক্যামেরা বডি সবগুলো বিনিময়যোগ্যর সঙ্গে পৃথক করে আসে।
মাইক্রোএলইডি ও ৮কে টিভি
স্যামসাং এবার মাইক্রোএলইডি ও কিউএলইড ৮কে রেজুলেশনের টিভি প্রদর্শন করেছে। সরু বেজেলের ৭৭, ৮৮, ৯৩ ও ১১০ ইঞ্চি মাইক্রোএলইডি টিভি এনেছে তারা। এছাড়াও, দেখা গেছে ২৯২ ইঞ্চি টিভি ‘দ্য ওয়াল’। এই টিভির প্রস্থ ৭ দশমিক ৪ মিটার। টিভিটির ৮কে রেজুলেশনের আকার ১৫০ ইঞ্চি। এই রেজুলেশনের অন্যান্য টিভিগুলো পাওয়া যাবে ৮৮, ৯৩ ও ১১০ ইঞ্চি সংস্করণে।
ভার্চুয়াল ভিসোর
জার্মান কোম্পানি এনেছে বশ ভার্চুয়াল ভিসোর। গাড়ির সামনের সিটের ওপর যে সান প্রোটেক্টর থাকে তাই ভিসোর নামে পরিচিত। ভার্চুয়াল ভিসোরে আছে ট্রান্সপারেন্ট এলসিডি প্যানেল ও এলইডি ক্যামেরা। এই প্যানেলের কিছু অংশ কালো রঙে ঢাকা থাকবে। বাকিটা থাকবে স্বচ্ছ। যা ভেদ করে রাস্তায় চোখ রাখা যাবে। এআই যুক্ত এই ভিসোর নাক, মুখ ও চোখের অবস্থান শনাক্ত করতে পারবে।
থিঙ্ক স্মার্ট ভিউ
অফিস থেকে দূরে থাকলেও কাজের সুবিধার্থে ডিভাইসটি তৈরি করা হয়েছে। এতে মাইক্রোসফট টিম সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। ডিভাইসটি থেকে অডিও ও ভিডিও কল করা যাবে। এর সঙ্গে ব্লুটুথের মাধ্যমে যুক্ত থাকবে একটি হেডসেট। ৮ ইঞ্চি ডিভাইসটি দেখতে অনেকটা ফোনের মতো। এতে স্পিকার ও ক্যামেরা আছে।
স্বয়ংক্রিয় কুকিং সিস্টেম
ঝটপট রান্না সারতে কুকিং ডিভাইস এনেছে কুকিং পাল নামের একটি প্রতিষ্ঠান। জুলিয়া নামের ডিভাইসটি দিয়ে কাটাকাটি ও রান্না দুটোই হবে। ডিভাইসটি নিজেই নিজেকে পরিষ্কার করতে পারবে। নিয়ন্ত্রণের জন্য এর সঙ্গে থাকবে ৮ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লে দেখে বিভিন্ন ধরনের রান্নাও শেখা যাবে।
জেডিনেট অবলম্বনে : মাহবুব শরীফ