হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন

প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

চাঁদপুরে এই প্রথম ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন। ১৩ জানুয়ারি নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। চাচ্ছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।  হাইমচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী এক জন, বিএনপি থেকে এক জন ও স্বতন্ত্র এক জন চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান পদে আট জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  নতুন ভোটার জসিম উদ্দিন বলেন, ‘আমি এ বছরই প্রথম ভোট দেব। আমাদের উপজেলার জন্য যে প্রার্থী উন্নয়নমূলক কাজ করবে, বিগত দিনে যারা উন্নয়ন করেছে তাদেরই ভোট দেব।’  নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নুর হোসেন পাটওয়ারী বলেন, গত পাঁচ বছর চেয়ারম্যান থাকাবস্থায় অনেক উন্নয়নকাজ করেছি। আশা করছি উপজেলার উন্নয়নে ভোটাররা আবারও নৌকা মার্কাকে নির্বাচিত করবে।

ধানের শীষ মার্কার চেয়ারম্যান প্রার্থী ইছাহাক খোকন বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে আমরা অবশ্যই নির্বাচিত হব। এ উপজেলায় প্রায় ৬০ শতাংশ ধানের শীষের ভোট রয়েছে। আনারাস মার্কার স্বতন্ত্র প্রার্থী ও পদ স্থগিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার বলেন, ‘নির্বাচনের পরিবেশ ভালো থাকলে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিলে আমি জয়ী হব।’ চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, ‘ভোটগ্রহণের দিন তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন কোস্ট গার্ড, পর্যাপ্ত র্যাব, পুলিশ, আনসার সদস্য নিয়োজিত থাকবে নিরাপত্তায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’