শেরপুরে নিখোঁজ যুবকের লাশ নদী থেকে উদ্ধার

বগুড়ার শেরপুরে নিখোঁজের তিন দিন পর বাঙ্গালী নদী থেকে শহিদুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বাঙ্গালী নদীর সূত্রাপুর এলাকায় জেলারা মাছ ধরার সময় জালের সঙ্গে ঐ যুবকের লাশ উঠে আসে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সালমা বেগমকে আটক করা হয়েছে। নিহত শহিদুলের স্বজন আলমাছ ও রমজান আলী জানান, গত তিন দিন আগে স্ত্রী সালমা খাতুন সন্ধ্যার দিকে নদীর ঘাট থেকে শহিদুলকে পানি আনতে বলে। পানি আনতে গিয়ে শহিদুল আর বাড়ি ফেরেনি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।