শিশু ধর্ষণ মামলায় মো. খোরশেদ মিয়া (২৩) নামের এক যুবককে গতকাল বৃহস্পতিবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে খাগড়াছড়ির একটি আদালত। একই সঙ্গে আদালত খোরশেদ মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে। খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হাসান মোট ১১ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন।
জানা গেছে, ২০১৯ সালের ৩ এপ্রিল খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে খোরশেদ মিয়াকে আসামি করে মহালছড়ি থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট বিধান কানুনগো এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, আদালত সব দিক বিবেচনা করে উপযুক্ত রায় দিয়েছে।