‘উইন্ডিজের চেয়ে ভালো করছে বাংলাদেশ’

সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস্টোফার হেনরি গেইল বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এখন ক্যারিবিয়ানদের চেয়ে ভালো করছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএল খেলতে আসা এ তারকা ক্রিকেটার গতকাল এ মন্তব্য করেন।

দুইবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলটা তাদের স্বর্ণালি সময় পার করে এসেছে। নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলা উইন্ডিজরা আন্তর্জাতিক ক্রিকেটে এখন সংগ্রাম করছে। গেইলের মতে, বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভালো দল।

আইসিসির র্যাংকিং দেখলে, গেইলের তথ্যকে ভুল বলার অবকাশ নেই। তিন ফরম্যাটের দুটিতেই ক্যারিবিয়ানদের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ক্রিকেটের বিশুদ্ধতম ফরম্যাট টেস্টে ওয়েস্ট ইন্ডিজ আট নম্বরে অবস্থান করছে। যেখানে বাংলাদেশ আছে ৯ নম্বরে। ওয়ানডেতে বাংলাদেশ ৭, ওয়েস্ট ইন্ডিজ ৯ নম্বরে রয়েছে। টি-২০ তে বাংলাদেশ আছে ৯ নম্বরে। ঠিক তারপরই আছে ওয়েস্ট ইন্ডিজ (১০ নম্বর)।

বিপিএলের সব আসরেই খেলেছেন গেইল। তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও প্রতিপক্ষ হিসেবে অনেকবার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের। তাই এই ব-দ্বীপের ক্রিকেট সম্পর্কে ভালোই ধারণা আছে তার। এত বছর বিপিএল খেলার পর বাংলাদেশের ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেট নিয়ে গতকাল বিসিবি একাডেমিতে গেইল বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট উত্থান-পতনের মধ্যে এগিয়ে যাচ্ছে এবং আমাদের (ওয়েস্ট ইন্ডিজ) ক্ষেত্রেও একই ব্যাপার ঘটছে। আমরা বেশি বেশি ম্যাচ ও সিরিজ জিতে নিজেদের ধারাবাহিকতা ফিরিয়ে আনার চেষ্টা করছি। বেশির ভাগ সময়ই আমরা কিছু খেলোয়াড় হারাচ্ছি এবং আমাদের আবার নতুন খেলোয়াড় তৈরি করতে হচ্ছে। তাদের এখন ছাঁটাই প্রক্রিয়ায় গিয়ে পরিবর্তন এনে আবার নতুন করে ভালো খেলোয়াড়ের একটি গ্রুপ তৈরি করতে পরবর্তী কয়েক বছর প্রচুর কাজ করতে হবে।’

ইংল্যান্ডের মতোই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা বলেছেন গেইল। বিধ্বংসী এই ওপেনার বলেছেন, ‘ইংল্যান্ড যেভাবে কাজ করে বিশ্বকাপ জিতেছে আসলে আমাদের সেই কাজটারই সুযোগ নিতে হবে। তাদের একটি চার বছরমেয়াদি কর্মপরিকল্পনা ছিল এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ  জেতল। আর এ বিষয়টার দিকেই মনোনিবেশ করতে হবে যেন ভালো একটি দল গড়া যায়। তারা সেটাই করেছে এবং এখন একটা পরিবারের মতো হয়ে উঠেছে যা আগামীতে তাদের জন্য আরো ভালো কিছু বয়ে আনবে।’

শুধু ক্রিকেট দুনিয়া নয়, বিপিএলেও ব্যাটিং বিনোদন মানেই দর্শকদের কাছে বড়ো আশ্রয় গেইল। বাংলাদেশের মাটিতে এই দর্শকপ্রিয়তা উপভোগ করেন তিনি। গতকাল এই উইন্ডিজ তারকা ক্রিকেটার বলেছেন, ‘এটা (বাংলাদেশ) এমন এক জায়গা যেখানে আপনি এসে খেলতে পারেন। বিশেষ করে সমর্থকদের কাছ থেকে যে সমর্থনটা পাওয়া যায় তারা সত্যিই বাড়তি অনুপ্রেরণা জোগায় ভালো করার। মাঠে তারা বিনোদন চায়। এটা মাঝে মাঝে খেলোয়াড় হিসেবে আপনাকে বাড়তি অনুপ্রেরণা দেয়। আর খেলোয়াড় হিসেবে আমার খেলাটাও এমন ধরনের। আমার জন্য এটা এক ধরনের সমন্বিত কাজের মতো যেখানে আমি যতটা পারি বিনোদন দিতে চাই এবং সবার সঙ্গে মজাও করি।’

সবসময় বাংলাদেশে আসতে রাজি এই ক্যারিবিয়ান। গেইল বলেছেন, ‘কয়েক বছর ধরে বাংলাদেশে খেলেছি এবং চমত্কার কেটেছে আমার, উপভোগও করেছি অনেক। আমি এবার কিছুটা দেরিতে এসেছি কিন্তু এটাও বলেছি যে আবার আসতে আগ্রহী আমি।’