ব্র্যাডম্যানকে ছাড়িয়ে শেন ওয়ার্ন

নিলামে উঠতে এখনো হাতে একদিন সময় আছে। যদিও, এরই আগে শেন ওয়ার্ন ছাড়িয়ে গেছেন স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যানকে। শুধু ব্র্যাডম্যানই নয়, ওয়ার্ন ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনিকেও।

ওয়ার্নের টুপির জন্য যে দাম উঠেছে সেটি ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। ২০০৩ সালের জানুয়ারিতে ক্রিকেট কিংবদন্তি ডন ব্রডম্যান তার ক্যাপটি নিলামে বিক্রি করেছিলেন সর্বাধিক ৪ লাখ ২৫ হাজার ডলারে। আর শেন ওয়ার্নের টুপির দাম এর মধ্যেই ৫ লাখ ২০ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার ছুঁয়ে ফেলেছে।

ধোনির ব্যাটকেও ছাড়িয়ে গেছে ওয়ার্নের টেস্ট ক্যাপ। ২০১১ সালের ফাইনালে ধোনি যে ব্যাটটা দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে ছিলেন, সেটা নিলামে বিক্রি হয়েছিল ১ লাখ পাউন্ডে।

৫০ বছর বয়সি ওয়ার্ন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল টেস্ট বোলার। বিশ্ব সেরা এই লেগ স্পিনার সংগ্রহ করেছেন ৭০৮টি উইকেট। দেশ জুড়ে ভয়াবহ দাবানলে হতাহতদের সাহায্যার্থে তহবিল গঠনের লক্ষ্যে নিজের অভিষেকে পাওয়া ক্যাপ ‘ব্যাগি গ্রিন’ নিলামে বিক্রি করার ঘোষণা দিয়েছেন ওয়ার্ন। টানা ২১ বছর যেটা মাথায় দিয়ে তিনি পেশাদার ক্রিকেট খেলেছেন, এবার সেটাই মানবতার খাতে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়ার্নের পথ ধরে আরেক কিংবদন্তি সাবেক বোলার জেফ থমসনও নিজের ব্যাগি গ্রীন ও  অন্যান্য ক্রিকেট সামগ্রী নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ৫১টি টেস্ট খেলা ৬৯ বছর বয়সি থমসনের শিকার ২০০ উইকেট। তাকে এখনো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবে মানা হয়। তার নিলাম থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হবে চ্যারিটি ও ফারায় সার্ভিসকে।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)  থমসন বলেন, ‘আমার কাছে ক্রিকেটের স্মরণীয় আর কোনো ঐতিহাসিক সামগ্রী গচ্ছিত নেই। সুতরাং এই ব্যাগি গ্রীন ও ক্রিকেট সামগ্রীই আমার শেষ সম্পদ। যে কারণে এগুলো আলাদা বৈশিষ্ট্যের দাবি রাখে। নিলামে এই সামগ্রীর মূল্য কত উঠবে তা অনুমান করা কঠিন। তবে আশা করছি এগুলো দিয়ে তহবিলে কিছু অর্থ জমা করা যাবে। যা এই মুহূর্তে খুবই জরুরি।’