বেলের হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

মাত্র ১১ মিনিটের মধ্যে গ্যারেথ বেলের হ্যাট্রিকে ভর করে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে ৪৪, ৫৩ ও ৫৫তম মিনিটে গোল তিনটি করেছেন হ্যাট্রিক ম্যান বেল।

এই জয়ে রেকর্ড সংখ্যক টানা তৃতীয় এবং সর্বমোট চতুর্থবারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের পথে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

বর্তমানে এই আসরে শিরোপা জয়ের দিক থেকে বার্সেলোনার সহাবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। দুই দলই এর আগে সর্বমোট তিনবার করে জিতে নিয়েছে ক্লাব বিশ্বকাপের শিরোপা।

আরো পড়তে পারেন: সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আগামীকাল শনিবার আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ফাইনালে যদি স্বাগতিক আল আইনকে হারাতে পারে, তাহলে সর্বাধিক শিরোপা জয়ের আসনে আরোহণ করবে রিয়াল মাদ্রিদ।

ইত্তেফাক/মোস্তাফিজ