শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নকলা উপজেলার সাইলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে জেলা চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সদরের উপমা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত মঙ্গলবার শেরপুর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে নকলার সাইলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে ঝিনাইগাতী উপজেলার কালাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। সেরা খেলোয়াড় হন ঝিনাইগাতীর কালাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নাইম মিয়া।
অপরদিকে বঙ্গমাতা ফুটবলে শেরপুর সদরের উপমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নকলার ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ধনাকুশা স্কুলের খাদিজাতুল কোবরা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস জেলা পর্যায়ে এ খেলার আয়োজন করে। খেলা শেষে ট্রফি দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।