দলীয় প্রতীকের নির্বাচনে দলের নেতারা প্রচারণা চালাতে পারবেন না কেন :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রতীকের নির্বাচনে আমরা দলীয় নেতারা কেন প্রচারণা চালাতে পারব না? এক্ষেত্রে মার্শাল ল’কেও তো হার মানিয়েছে নির্বাচন কমিশন। পৃথিবীর কোথাও এমন আইন বা নিয়ম নেই। চলমান সংসদ অধিবেশনে আইন পরিবর্তন করে জনপ্রতিনিধিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচন কমিশন। এই নির্বাচন নিয়ে কি তামাশা করা হচ্ছে? দলীয় প্রতীকে নির্বাচন হবে অথচ দলীয় নেতারা নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না এটা হতে পারে না। মোহাম্মদ নাসিম সিটি নির্বাচনে প্রার্থীদের বিষয়ে বলেন, প্রার্থীরা কথার ফুলঝুরি দিয়ে ভোট নেবেন, আর মশার কামড়ে মানুষ মরবে এটা মেনে নেব না। আমরা মশক-মাদকমুক্ত সুন্দর, পরিচ্ছন্ন ও বসবাস উপযোগী ঢাকা চাই। আশা করি, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীরা আমাদের আশা পূরণ করবে। ইনশাল্ল­াহ নৌকা বিজয়ী হবে। ঢাবি শিক্ষার্থী ধর্ষণের বিষয়ে তিনি বলেন, এই ধরনের কালপ্রিট মজনুদের তাত্ক্ষণিক বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে বলেই দেশে ধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজ করতে পারে। কিছু কিছু মানুষের অপকর্মের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন ম্লান হয়ে যেতে পারে না। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।