শিবগঞ্জ জোহরপুর সাতরশিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরো দুই জন। গত বুধবার রাতে জোহরপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ১৬/৬ এস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের শফিকুলের ছেলে সুমন (২০) ও মৃত বুদ্ধুর ছেলে সেলিম (২১)। বুদ্ধুও ২০০৮ সালে পদ্মার জলসীমায় অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। এলাকাবাসী জানায়, গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজন বাংলাদেশি ও আরেক জন ভারতীয় নাগরিক। তারা রাজশাহীতে অজ্ঞাত কোনো ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে সীমান্তপথে কয়েক জন বাংলাদেশি রাখাল গরু আনতে ভারতের দিকে যাচ্ছিলেন। তারা ভারতীয় সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে টিকলিচর নামক এলাকায় পৌঁছলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চাঁদনিচক বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি রাখাল নিহত হয়। রাতেই বিএসএফ সদস্যরা জিরো লাইনের কাছাকাছি এলাকায় মরদেহগুলো ফেলে রেখে চলে যায়। এলাকাবাসীর সহায়তায় স্বজনরা মরদেহ উদ্ধার করে পদ্মার চর এলাকায় গোপনে দাফন করেন।