বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনে নির্মিত নতুন দুটি যুদ্ধজাহাজ ‘বিএনএস ওমর ফারুক’ ও ‘বিএনএস আবু উবাইদাহ’ বৃহস্পতিবার বাগেরহাটের মোংলা নেভাল জেটিতে এসে পৌঁছেছে। এ সময় খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে নতুন এই যুদ্ধজাহাজ দুটিকে স্বাগত জানান। বিএনএস মোংলা নেভাল জেটিতে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও নাবিকেরা উপস্থিত ছিলেন।
নতুন জাহাজ দুটি সম্পর্কে রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, জাহাজ দুটি নৌবাহিনীর সক্ষমতা বাড়ার পাশাপাশি জলদস্যুতা দমন, জেলেদের নিরাপত্তা বিধানসহ বর্তমান সরকারের ব্লু ইকোনমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি জাহাজ দৈর্ঘ্যে ১১২ মিটার এবং প্রস্থে ১২.৪ মিটার যা ঘণ্টায় সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। জাহাজ দুটিতে রয়েছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উেক্ষপণযোগ্য ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক সারভাইলেন্স, ফায়ার কন্ট্রোল সিস্টেম, সাবমেরিন বিধ্বংসী রকেট, র্যাডার জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদি।