ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণায় মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, মন্ত্রী-এমপিরা প্রচারণায় অংশ নিলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট হবে। নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।
ঢাকার সিটি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারসহ দুই সিটির রিটার্নিং অফিসারের কাছে দেওয়া অপ্রাতিষ্ঠানিক (ইউও) নোটে তিনি এ কথা বলেন। চিঠির অনুলিপি কমিশনের অন্য তিন কমিশনারকেও দেওয়া হয়েছে। এর আগে ২০১৮ সালের ২৪ মে স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী-এমপিদের অংশগ্রহণের বিষয়ে তিনি নোট অব ডিসেন্ট দেন।
মাহবুব তালুকদার ইউও নোটে বলেন, আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম ও প্রচারে সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। এটি সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর লঙ্ঘন।
অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণা বা নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে পারবেন না বিধিমালার এমন বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাহলে তারা কীভাবে এই নির্বাচনি কার্যক্রমে অংশ গ্রহণ করছেন, তা বোধগম্য নয়।