রংপুরে অগ্নিদগ্ধ হয়ে গত দুই সপ্তাহে ৯ জনের মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতের কবল থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃহস্পতিবার আরও দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ৯ জন মারা গেলেন। এদের মধ্যে সাতজন নারী ও দুইজন শিশু। এখনও অগ্নিদগ্ধ ১৮ জন হাসপাতালে চিকিৎসাধিন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ জানান, রংপুর নগরীর কোটারপাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী আরেফা বেগম (৮৫) এবং নগরীর স্টেশন আলমনগর এলাকার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৯০) অগ্নিদগ্ধ হয়ে বৃহস্পতিবার সকালে মারা গেছে। মৃত দুই বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গত ৪ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। 

এছাড়া গত দুইদিনে আরও তিনজন নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের শরীরের ৪৫ থেকে ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।

ডা. এম এ হামিদ আরও জানান, প্রতিবছর শীতে আগুন পোহাতে গিয়ে নিহতের সংখ্যা বাড়ছে। এজন্য জনগণের সচেতনতা প্রয়োজন। আমরা সব সময় পরামর্শ দিচ্ছি শীতের হাত থেকে বাঁচতে যাতে কেউ খড় কুটা জ্বালিয়ে আগুন না পোহায়। গরম কাপড় পরিধান করা, আগুন না পোহানো এবং বৃদ্ধ ও শিশুদের যতো তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাওয়া ও দেরিতে ঘুম থেকে ওঠা জরুরী। এ নিয়মগুলো মানলে অগ্নিদগ্ধের সংখ্যা কমবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন: মহেশপুরের মান্দারবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। এ ধরণের আবহাওয়া আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু