র্যাব প্রধান (ডিজি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, এবারের বিশ্ব ইজতেমায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই কাজ করেছে এবং র্যাব গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, নিরাপত্তা দিতে মোটরসাইকেল পেট্রোলিং করব, আকাশপথে হেলিকপ্টার টহল থাকবে, নদীতে বোর্ড পেট্রোলিং থাকবে, ওয়াচ টাওয়ার থেকে মনিটরিং করা হবে, স্যুইপিং টিম থাকবে, ডগ স্কোয়াড থাকবে, সিসিটিভি মনিটর করা হবে এবং সোশ্যাল মিডিয়া মনিটর করা হবে। ফেক নিউজ ও গুজব প্রতিরোধে কঠোরভাবে সোশ্যাল মিডিয়া মনিটর করা হবে। এছাড়া বড়ো কোনো সমস্যা মোকাবিলায় রেসকিউ টিম কাজ করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, আমি আগেই বলেছি বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কোনো প্রকার নিরাপত্তা ঝুঁকি নেই। র্যাবের গোয়েন্দা সংস্থা কাজ করছে, অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। কাজেই মুসুল্লিরা নির্বিঘ্নে ইজতেমা পালন করে বাড়ি ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।