বঙ্গবন্ধু রেলসেতুর ব্যয় বাড়ল ৩ হাজার কোটি টাকা

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণে প্রায় সোয়া তিন হাজার কোটি টাকার ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় শর্তসাপেক্ষে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, কাজের পরিমাণ বেড়েছে। তবে কি ধরনের কাজ বেড়েছে সেটি মৌখিক জানানো হয়েছে। এটি একনেক সভায় আলোচনা হওয়া ভালো। পরিকল্পনামন্ত্রী থাকাকালীন অবস্থায় এটি অনুমোদন দিয়েছিলেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাড়তি ব্যয়ের পুরো অর্থ জাইকা ঋণ সহায়তা হিসেবে দেবে। যমুনা নদীর উপর রেলসেতু নির্মাণে ২০১৬ সালে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তিন বছরের মাথায় ব্যয় বেড়ে হলো ১২ হাজার ৯৫০ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৬৭ টাকা। অর্থমন্ত্রী বলেন, ব্যয় বৃদ্ধির প্রস্তাবসহ প্রকল্পটির আবার ডিপিপি করতে হবে, আবার একনেক সভায় যাবে। তখন একনেক থেকে অনুমোদনের পর আর ক্রয় কমিটিতে আসতে হবে না। একনেক সভায় অনুমোদনের আগে ক্রয় কমিটিতে ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা কাজে গতি আনতে চাই, এ জন্য পদ্ধতি সহজ করতে হব। আজকে যদি অনুমোদন না দিয়ে ফেরত দিয়ে দিতাম, তাহলে আবার একনেকে নিতে হতো। একনেক অনুমোদন দিলে আবার ক্রয় কমিটিতে আনতে হতো। প্রধানমন্ত্রী একনেক সভায় দেখবেন, দেখে যদি উনি অনুমোদন দেন তাহলে ঠিক আছে। একনেক অনুমোদন না দিলে হবে না। সভায় মোট ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।