ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর জন্য এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। আসন্ন সিটি নির্বাচনের দিন অর্থাত্ ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় এ দাবি এসেছে। গতকাল বৃহস্পতিবার শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ প্রধানমন্ত্রীকে একটি চিঠিতে এ আবেদন জানায়। এরপর আরেকটি চিঠিতে একই দাবি নির্বাচন কমিশনেও (ইসি) জানানো হয়। এর আগে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদও একই দাবি জানিয়েছে ইসির কাছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গৌরাঙ্গ দে ও ঢাকা মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার সহদেব বৈদ্য স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়েছে, সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উত্সব সরস্বতী পূজায় আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমবেত হই। ঢাকাসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, পাড়া, মহল্লায় বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হওয়ার কারণে ভোটে অনেকেই অংশগ্রহণ করতে পারবে না। তাই ঐদিনের পরিবর্তে অন্যদিন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের বৃহত্তর একটি অংশকে ভোট প্রয়োগ করার সুযোগ দেওয়ার আবেদন জানাচ্ছি।
ইসি সচিব মো. আলমগীরের কাছে চিঠি জমা দেওয়ার পর গৌরাঙ্গ দে সাংবাদিকদের বলেন, ইসি সচিব আমাদের বলেছেন, নির্বাচন পেছানোর জন্য আদালতে একটি রিট আবেদন হয়েছে। আদালত কী সিদ্ধান্ত দেন, তা দেখে কমিশন সিদ্ধান্ত নেবে।