সাহায্যের জন্য প্রিয় টুপি বিক্রি করলেন শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য নিলামে তোলা শেন ওয়ার্নের প্রিয় ‘ব্যাগি গ্রিন’ টুপিটি অবশেষে রেকর্ড পরিমাণ অর্থমূল্যে বিক্রি হয়েছে। নিলামে তার এই টুপিটির দাম উঠেছে দশ লাখ সাত হাজার পাঁচশ অস্ট্রেলিয়ান ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটির সমান। সিডনির এমসি নামক একটি কোম্পানি নিলামের শেষ মুহূর্তে বেশি বিড করে টুপিটি কিনে নেয়।

গত সেপ্টেম্বর থেকে চলমান অস্ট্রেলিয়ার দাবানল দিন দিন ভয়ঙ্কর আকার ধারণ করছে। এতে অনেক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এরই মধ্যে দাবানলে ২৭ জন লোক প্রাণ হারিয়েছেন আর হতাহত হয়েছে ১০ কোটি প্রাণী। যার মধ্যে মারা গেছে প্রায় ৫০ লাখ। এ অবস্থায় ঐ এলাকাটির জন্য অনেক সাহায্যের প্রয়োজন। আর এই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা।

এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা তার প্রিয় ব্যাগি গ্রিন টুপিটি বিক্রি করে সেই টাকা অসহায়দের মাঝে দান করার পরিকল্পনা করেন। শেন ওয়ার্নের টুপিটি ২০০৩ সালে স্যার ডন ব্রাডম্যানের বিক্রি হওয়া টুপির চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হলও। ব্রাডম্যানের টুপিটি বিক্রি হয়েছিলো সোয়া চার লাখ অস্ট্রেলিয়ান ডলারে। 

নিলামে অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন শেন ওয়ার্ন। তিনি বলেন, নিলামে যারা অংশ নিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত জয়ী ব্যক্তিকে অভিনন্দন। আপনাদের মমত্ব আমাকে পরিপূর্ণ করে তুলেছেন। এখন থেকে আমি যা পেয়েছে সেটা আমার আশার চেয়েও অনেক বেশি। এই টাকার পুরোটাই চলে যাবে রেডক্রসের দাবানল বিষয়ক তহবিলে। 

ইত্তেফাক/এসআই